কবিতা          :         পাঁচ টাকার ছোঁড়া আকাশ
কবি              :         তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         ৩১ মার্চ, ২০২৬ ইং
রচনাকাল     :         ৩০ মার্চ, ২০২৬ ইং

কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘পাঁচ টাকার ছোঁড়া আকাশ’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
পাঁচ টাকার ছোঁড়া আকাশ || তাওহীদাহ্ রহমান নূভ
পাঁচ টাকার ছোঁড়া আকাশ || তাওহীদাহ্ রহমান নূভ

পাঁচ টাকার ছোঁড়া আকাশ || তাওহীদাহ্ রহমান নূভ


তোমার জীর্ণ মানিব্যাগে আমি ছিলাম—খুচরো পয়সার মতো, মুখহীন, নামহীন, চাপা পড়ে থাকা একটুখানি অস্তিত্ব; তুমি যখন হাত ছুঁই-ছুঁই করে পাশ কাটিয়ে চলে গেলে, আমার বুকের ভেতর একটা পুরোনো বিকেল কেঁপে উঠলো—আমি মনে করতে পারলাম সেই দিনটার কথা, যেদিন আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে ছিলাম, তোমাকে দেখবো বলে নয়, তোমার শ্বাসের শব্দ শুনবো বলে—কারণ আমি প্রেমিক ছিলাম না, আমি ছিলাম নিঃশ্বাস-গণনাকারী এক ভবঘুরে হৃদয়; বারান্দার দিকে উঁচু মুখে তাকিয়ে ছিলাম, যেন আকাশের গায়ে তোমার নাম লেখা আছে, ঠিক তখনই তোমার মা—অগ্নিমূর্তির মতো—আমার দিকে ছুঁড়ে দিলো পাঁচ টাকার একটা কয়েন, আর সেই কয়েন মাটিতে পড়ার শব্দে আমার সমস্ত ভালোবাসা ভেঙে গেলো, আমার বুকের ভেতর একটা মানুষ মরে গেলো, আমি বুঝে গেলাম—আমি তোমার কাছে প্রেম না, আমি তোমার কাছে কেবল ভিক্ষা; সেদিন থেকেই আমি শুধু তোমার মানিব্যাগ থেকে নয়, তোমার জীবন থেকেও বেরিয়ে গেলাম, কিন্তু আশ্চর্য—সময় আমাকে শিখিয়েছে, অপমানও কখনো কখনো আশীর্বাদ হয়; তাই আমি নিজে একটা নতুন মানিব্যাগ কিনেছি—তার ভাঁজে কোনো খুচরো রাখিনি, রেখেছি আমার আত্মসম্মান, রেখেছি আমার না-বলা কান্না, রেখেছি সেই পাঁচ টাকার কয়েনটাকে—স্মৃতির মতো নয়, প্রমাণের মতো—যাতে আমি কোনোদিন ভুলে না যাই, তোমার বারান্দার দিকে তাকালে আমার ভাগ্যে প্রেম পড়ে না, পড়ে কেবল ধাতব অপমান… আর এখন আমি জানি, আমি খুচরো না—আমি শুধু ভুল পকেটে পড়ে গিয়েছিলাম।


আপনার কবিতা পাঠান - kobiyal.com@gmail.com 


 Follow Now Our Google News

তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস




লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন