কবিতা          :         ছাইয়ের ওপর দাঁড়িয়ে থাকা প্রশ্নচিহ্ন
কবি              :         তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         ৪ এপ্রিল, ২০২৬ ইং
রচনাকাল     :         ১ এপ্রিল, ২০২৬ ইং

কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘ছাইয়ের ওপর দাঁড়িয়ে থাকা প্রশ্নচিহ্ন’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

ছাইয়ের ওপর দাঁড়িয়ে থাকা প্রশ্নচিহ্ন || তাওহীদাহ্ রহমান নূভ
ছাইয়ের ওপর দাঁড়িয়ে থাকা প্রশ্নচিহ্ন || তাওহীদাহ্ রহমান নূভ


ছাইয়ের ওপর দাঁড়িয়ে থাকা প্রশ্নচিহ্ন || তাওহীদাহ্ রহমান নূভ


শূন্য হতে হতে জীবন একদিন থমকে যায়—
ঠিক যেন বুকের ভিতর কেউ লোহার শিক ঢুকিয়ে দিয়ে বলছে: “এবার চুপ!”
তারপর আমি পড়ে থাকি ছেঁকে নেওয়া চা-পাতার মতো—
কোনো গন্ধ নেই, কোনো স্বাদ নেই, শুধু ব্যবহৃত হয়ে যাওয়া এক তিতা অবশেষ,
যাকে সভ্যতা মুখে নেয়, তারপর থুথুর মতো ফেলে দেয়।
আমি পড়ে থাকি পশম বদলানো চড়ুইয়ের মতো—
ডানার খোলস আছে, কিন্তু আকাশটা আর আমার নয়,
আকাশটা এখন অফিসের সিলিং ফ্যান,
আর উড়ান মানে—বেতন, বিল, ঋণ, অপমানের ফাইল।
আমি দেখেছি—মানুষের ভেতর থেকে জীবন টেনে নেওয়া হয়
সিগারেটের শেষ টানটার মতো,
শেষে শুধু থাকে ছাই,
আর ছাইয়ের ওপর দাঁড়িয়ে থাকা এক নগ্ন প্রশ্ন:
আমি কি মানুষ, নাকি শুধু টিকে থাকার মেশিন?
শূন্যতা যখন শরীরের হাড়ে হাড়ে বাসা বাঁধে,
তখন প্রেমও কবরস্থানের ফুল হয়ে যায়—
সুগন্ধ আছে, কিন্তু প্রাণ নেই।


আপনার কবিতা পাঠান - kobiyal.com@gmail.com 


 Follow Now Our Google News

তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস




লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন