কবিতা : নিয়তির প্ল্যাটফর্ম
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ :
প্রকাশকাল : ৪ এপ্রিল, ২০২৬ ইং
রচনাকাল : ১ এপ্রিল, ২০২৬ ইং
কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘নিয়তির প্ল্যাটফর্ম’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| নিয়তির প্ল্যাটফর্ম || তাওহীদাহ্ রহমান নূভ |
নিয়তির প্ল্যাটফর্ম || তাওহীদাহ্ রহমান নূভ
কুঁজোর জীবন যেমন সারাক্ষণ উবু হয়ে থাকে—মেরুদণ্ডের প্রতিটি হাড়ে জমে থাকে অনুশোচনা, প্রতিটি শ্বাসে জমে থাকে লজ্জার নোনাজল; তবু কোনো একদিন হঠাৎ তার মনে হয়—আর না, এবার সে চিৎ হয়ে শুবে। বুকটা মেলে দেবে পৃথিবীর দিকে, আকাশকে দেখবে নির্ভয়ে, নিজের অস্তিত্বকে সোজা করে দাঁড় করাবে। ঠিক তেমনই আমারও একদিন মনে হলো—এই কুঁকড়ে যাওয়া জীবন, এই ভাঁজ খাওয়া স্বপ্ন, এই নতজানু দিনগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমার ভিতরটা তখন এমন এক তৃষ্ণায় পুড়ছিল, যেন বহু বছর ধরে আমি নিজেকে নিজেই বাঁচতে দিইনি—শুধু সহ্য করেছি, শুধু গিলে খেয়েছি, শুধু নীরবে মরেছি। আমি জীবনকে কাঁধে তুলে বেরিয়ে পড়লাম—যেন সমস্ত পরাজয়কে পিঠে বেঁধে শেষবারের মতো জয়ের দিকে হাঁটছি, যেন নিজের ভাঙা আত্মাকে কোনো নতুন আলোয় সেলাই করতে যাচ্ছি।
কিন্তু নিয়তির নির্মমতা বুঝি ঠিক তখনই আমার বাঁ পাশ ঘেঁষে ছুটে এলো—একটা ট্রেন, অন্ধ, উন্মত্ত, লোহার মতো নির্দয়। তার গর্জন আমার বুকের ভেতর ঢুকে গেল, তার শীতল বাতাস আমার আশা-স্বপ্নের শেষ উষ্ণতাটুকুও কেড়ে নিল। আমি শুধু অনুভব করলাম—আমার সাহসের ঝুলিটা, এতদিন ধরে যত যত্নে লুকিয়ে রেখেছিলাম, যত গোপনে আগলে রেখেছিলাম, তা এক মুহূর্তে থেঁতলে গেল চাকার নিচে। সাহসের ভেতর থেকে বেরিয়ে পড়ল রক্তাক্ত স্বপ্ন, ছিন্নভিন্ন হয়ে গেল বিশ্বাসের সেলাই, চূর্ণ হয়ে গেল আমার নতুন করে বাঁচার সমস্ত আয়োজন। আমি দাঁড়িয়ে রইলাম—পাথরের মতো, শূন্যতার মতো, যেন আমি আর মানুষ নই; আমি শুধু এক অসহায় দৃষ্টিহীন ছায়া, যার ভিতর থেকে জীবন হঠাৎ পালিয়ে গেছে।
তারপর থেকে আর মুখ তুলে আকাশ দেখা হয় না।
আকাশ দেখলেই মনে হয়—ওখানে কোথাও আমার সেই সাহস ঝুলে আছে, থেঁতলানো, ক্ষতবিক্ষত, নিঃশ্বাসহীন। আকাশ দেখলেই মনে হয়—ওখানে আমার মুক্তির দরজা ছিল, কিন্তু আমি পৌঁছাতে পারিনি। আমি মাথা নিচু করে হাঁটি, কারণ মাথা তুললেই মনে পড়ে যায়—একদিন আমি চিৎ হয়ে শোবার স্বপ্ন দেখেছিলাম… আর আজ আমি শুধু কুঁজো হয়ে বেঁচে আছি, ভাঙা সাহসের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে, নিজেরই পরাজয়ের শোকবাহী মানুষ হয়ে।
আপনার কবিতা পাঠান - kobiyal.com@gmail.com
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন