কবিতা : নির্বীজ শৌর্যের প্রতি এক নিরুদ্দেশ ইশতেহার
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ :
প্রকাশকাল : ৪ এপ্রিল, ২০২৬ ইং
রচনাকাল : ২ এপ্রিল, ২০২৬ ইং
কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘নির্বীজ শৌর্যের প্রতি এক নিরুদ্দেশ ইশতেহার’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| নির্বীজ শৌর্যের প্রতি এক নিরুদ্দেশ ইশতেহার || তাওহীদাহ্ রহমান নূভ |
নির্বীজ শৌর্যের প্রতি এক নিরুদ্দেশ ইশতেহার || তাওহীদাহ্ রহমান নূভ
আমি স্বেচ্ছায় এই পতনের চুক্তিপত্রে স্বাক্ষর করলাম। আমি পরাজয় মেনে নিলাম সেই দম্ভের কাছে, যা বীরত্বের নামে কেবল কঙ্কাল জমিয়ে রেখেছে; অথচ যার পদক্ষেপের রেখায় কোনো প্রকৃত শৌর্যের ঘ্রাণ নেই। তুমি আমায় পরাস্ত করতে চেয়েছ যে তেজ দিয়ে, তা তো কেবল ধ্বংসের এক নিঃসার উল্লাস।
তুমি আমায় বীরত্ব দেখাতে চেয়েছিলে? অথচ তোমার প্রতিটি আস্ফালনে আমি খুঁজে ফিরলাম সেই আদিম উৎস, যা জীবনের বীজকে ধারণ করে। আমি চেয়েছিলাম সেই গূঢ় সত্যের মুখোমুখি হতে, যা জননীর শরীরের সেই পবিত্রতম বিন্দুতে লেগে থাকা এক ফোঁটা শিশিরের মতো স্বচ্ছ—যেখানে সৃষ্টির সমস্ত বেদনা আর মমতা মিলেমিশে একাকার হয়ে থাকে।
কিন্তু তোমার সাধ্য হয়নি সেই অলৌকিক জলকণা স্পর্শ করার!
তুমি কেবল পেরেছ মাটির বুক চিরে রক্তগঙ্গা বইয়ে দিতে, কিন্তু পারোনি সেই আর্দ্রতাকে অনুধাবন করতে যা থেকে প্রাণের সঞ্চার হয়। যে বীর্য সৃজন করতে জানে না, যা কেবল বিদীর্ণ করতেই অভ্যস্ত, তার সামনে দাঁড়িয়ে থাকাটাই তো এক পৈশাচিক লজ্জা। তাই আমি মাথা নোয়ালোম। এই অবনত হওয়া তোমার শ্রেষ্ঠত্বের কারণে নয়, বরং তোমার সেই অক্ষমতার প্রতি আমার চরম ঘৃণা আর করুণার বহিঃপ্রকাশ।
"যেখানে উপাসনা হওয়ার কথা ছিল পবিত্র আর্দ্রতার, সেখানে তুমি প্রতিষ্ঠা করলে এক শুষ্ক মরুভূমির আধিপত্য।"
আমি হেরে গিয়ে প্রমাণ করে দিলাম, তোমার বিজয় কতখানি রিক্ত। আমি সেই সম্ভ্রমের কাছে নিজেকে উৎসর্গ করলাম, যে সম্ভ্রম কোনোদিন জানলই না তার উৎপত্তির ইতিহাস, যে বুঝলই না নারীর শরীরের সেই মহিমান্বিত তিলক আসলে কতটা অপার্থিব।
আমার এই পরাজয় তোমার জয়ের চেয়েও অনেক বেশি দহনময়। আমি নির্বাসিত হলাম এক শীতল নির্জনতায়, আর তুমি পড়ে রইলে তোমার সেই নিঃসঙ্গ, জলহীন আর নির্বীজ শৌর্যের শ্মশানে।
আপনার কবিতা পাঠান - kobiyal.com@gmail.com
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন