কবিতা : অন্ধকারের ব্যবচ্ছেদ
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ : দুধ, রক্ত ও নির্বাণ
প্রকাশকাল : ১ ফেব্রুয়ারি, ২০২৬ ইং
রচনাকাল : ১ ফেব্রুয়ারি, ২০২৬ ইং
কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘অন্ধকারের ব্যবচ্ছেদ’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| অন্ধকারের ব্যবচ্ছেদ || তাওহীদাহ্ রহমান নূভ |
অন্ধকারের ব্যবচ্ছেদ || তাওহীদাহ্ রহমান নূভ
যে জীবন আমায় দেয়নি কোনো মুক্তির স্বাদ!
সে জীবন আমার জিভে ঢুকিয়ে দিয়েছে
লোহার নখ,
আমি রক্ত চিবোই
আর তাকে বলি—দিন।
যে জীবন দেয়নি সাহস
শরীরী অবসর নেওয়ার,
আমাকে বাধ্য করেছে
প্রতিদিন নিজের লাশ
কাঁধে তুলে হাঁটতে।
আমি বেঁচে আছি—
মানে আমি পচছি,
ধীরে,
নির্ভুল পচনে।
আমার শিরায় এখন
ঘুম নয়,
দৌড়ায় উদ্বেগের
ক্ষুধার্ত ইঁদুর।
এই শহর আমাকে
শিখিয়েছে;
কীভাবে বুকের ভেতর
কবর খুঁড়তে হয়
শব্দ না করে।
আমি আয়নার সামনে দাঁড়ালে
প্রতিফলন থুতু ছিটায়—
কারণ সে জানে,
আমি মানুষ নই,
আমি অভ্যাস।
জীবন আমাকে
একবারও জিজ্ঞেস করেনি
আমি থাকতে চাই কি না;
সে শুধু আমার নামে
দীর্ঘ বিল কেটে গেছে।
আমি উপেক্ষাকে
মাথার নিচে বালিশ করি!
কারণ অন্ধকার
অন্তত চোখ রাখে না।
আমি জানি,
খুব বাঁচা মানে
দীর্ঘ অপমান,
আর খুব মরা মানে
তাৎক্ষণিক মুক্তি।
তবু আমি মাঝখানে ঝুলে থাকি!
পচা দড়িতে বাঁধা
একটা আধা-শ্বাস,
একটা অসমাপ্ত আর্তনাদ।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন