কবিতা          :         জুবুথুবু কাক
কবি              :         তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         
রচনাকাল     :         ২৬ জানুয়ারি, ২০২৬ ইং

কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘জুবুথুবু কাক’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
 
জুবুথুবু কাক || তাওহীদাহ্ রহমান নূভ
জুবুথুবু কাক || তাওহীদাহ্ রহমান নূভ



জুবুথুবু কাক || তাওহীদাহ্ রহমান নূভ


একটা জুবুথুবু কাক—
আলো পড়লেই সে কালী হয়ে ওঠে।
আর অন্ধকার নামলেই—সে আর কাক থাকে না, হয়ে যায় মহাকালী।
আলো আসলে সবকিছু নরম হয়ে যায়!
পাপের ধার ভোঁতা হয়, রক্তের গন্ধ সাবান দিয়ে ঢেকে ফেলা হয়।
কাকটা তখন লজ্জা পায়,
নিজের ডানা গুটিয়ে নেয়,
নিজেকে কেবল একটা পাখি বলে প্রমাণ করতে চায়।
আলো তাকে ছোট করে, নিরীহ করে,
সভ্যতার পাঠ পড়ায়!
“চুপ করো, কালো মানে ভয়ংকর নয়।”
কিন্তু অন্ধকার জানে!
কালো কখনো নিরীহ হয় না,
কালো মানে গর্ভ, কবর আর প্রতিশোধ।
রাত নামলেই কাকটা ফেটে পড়ে।
তার চোখে আগুন,
ঠোঁটে অভিশাপ,
ডানায় জমে থাকা সহস্র বছরের না-বলা চিৎকার।
সে তখন মহাকালী—
শ্মশানে দাঁড়িয়ে থাকা সত্য,
যার গলায় মানুষের কাটা স্বপ্নের মালা,
যার পায়ে পিষ্ট নৈতিকতার মিথ্যে দেবতা।
দিনে আমরা আলো দিয়ে পাপ ঢাকি,
রাতে অন্ধকার দিয়ে সত্য দেখি।
এই জন্যই আলোয় কাকটা ভয় পায়,
কারণ আলো প্রশ্ন করে—
আর অন্ধকার বিচার করে।
একটা জুবুথুবু কাক আসলে ভয় পায় না—
ভয় পায় মানুষ।
কারণ অন্ধকারে কাক নয়,
মানুষই প্রথম মহাকালী হয়ে ওঠে।


আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News

তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস




লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের 

Post a Comment

নবীনতর পূর্বতন