কবিতা : হৃদয়ে ছত্রাক
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ১২ জানুয়ারি, ২০২৬ ইং
কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘হৃদয়ে ছত্রাক’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| হৃদয়ে ছত্রাক || তাওহীদাহ্ রহমান নূভ |
হৃদয়ে ছত্রাক || তাওহীদাহ্ রহমান নূভ
আমার হৃদয়ে ছত্রাক জন্মেছে;
অবহেলায় ফেলা ভেজা রুটির মতো,
দিনে দিনে সবুজ হয়ে উঠছে যন্ত্রণা।
আগাছার মতো গজিয়েছে শিমুলের কাঁটা,
ফুল হওয়ার আগেই
রক্ত চায়!
আমার বুকের ভেতরেই তার উৎসব।
অথচ তার হৃদয়ে
আপাত সর্ষে ফুল হয়ে জ্বলজ্বল করছে
তোমার হৃদয়;
হলুদ, উজ্জ্বল, নির্বিষ মিথ্যা।
বসন্তের নামে সাজানো একখণ্ড স্বার্থ,
যেখানে প্রেম মানে
শুধু সুবিধার পরিমিত আলো।
আমার ভালোবাসা ছিল
বৃষ্টিতে ভেজা খড়ের ঘর—
একটা নিঃশ্বাসেই পুড়ে যাওয়ার মতো দুর্বল,
আর তোমার ভালোবাসা
পেট্রোল ঢালা প্রদীপ—
নিজেকে জ্বালিয়ে
অন্যের অন্ধকার দেখার সুখ।
আমি এখন অভিশাপ হয়ে গেছি!
প্রার্থনার ভাষা ভুলে যাওয়া
একজন পরিত্যক্ত দেবতা।
দেখা যাক,
কতদিন আমার অভিশাপে
তোমার জন্মের চিতা জ্বলে থাকে!
কতদিন তুমি উষ্ণ থাকো
অন্যের ছাইয়ের আগুনে।
একদিন যখন ধোঁয়া ফুরোবে,
হলুদ ফুল ঝরে যাবে
নির্বাক ধুলোয়,
তখন বুঝবে—
ছত্রাক শুধু হৃদয়ে জন্মায় না,
কিছু কিছু প্রেম
পুরো জীবনটাই পচিয়ে দেয়।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন