কবিতা : শিল্পের রক্ত
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ :
প্রকাশকাল :
রচনাকাল : ৬ জানুয়ারি, ২০২৬ ইং
কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘শিল্পের রক্ত’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| শিল্পের রক্ত || তাওহীদাহ্ রহমান নূভ |
শিল্পের রক্ত || তাওহীদাহ্ রহমান নূভ
তোমাদের সমাজটা একটা
চকচকে শৌচাগার।
ভেতরে গন্ধ,
বাইরে এয়ার ফ্রেশনার।
আর আমাকে বলো;
কবিতা লেখো।
শ্রেণি এসে থুতু মুছতে মুছতে বলে
“শিল্প চাই”—
কিন্তু শিল্পের রক্ত দেখলে
বমি পায়।
এলিটরা চায়
নির্বীজ কবিতা
যে কবিতার কোনো লজ্জা নেই,
কিন্তু খোঁচাও নেই।
তোমরা কবিকে বানিয়েছো
শব্দের বেশ্যা!
যার মুখে সত্য ঢোকাও,
আর বের করো নিরাপদ মিথ্যা।
কেউ জিজ্ঞেস করে না;
এই শব্দ জন্মাতে জন্মাতে
আমার ভেতরটা ছিঁড়ে যায় কি না,
রাতে ঘুমালে
বিবেকটা পচা মাংসের মতো গন্ধ ছড়ায় কি না।
তোমাদের কবিতা দরকার
কিন্তু কবির ব্যথা দরকার নেই।
তোমরা সবাই
দালাল!
ভাবের দালাল,
ভাষার দালাল,
বিপ্লবের দালাল।
আজ আমি তাই
ভদ্র ভাষায় থুতু দিই।
এই কবিতা
চুমু খাবে না তোমাদের কপালে,
এ কবিতা কামড়াবে।
এ কবিতা
মঞ্চে উঠবে না,
কিন্তু গলির অন্ধকারে
চিৎকার করবে!
“তোমাদের সভ্যতা
একটা ভদ্র গালি ছাড়া কিছুই না।”
আমি কবিতা লিখি না আজ;
আমি শব্দ দিয়ে
সমাজের মুখে
একটা জোরে চড় মারি।
আপনার পছন্দের কবিতার নাম কমেন্টে জানান
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন