কবিতা : প্রশিক্ষণপ্রাপ্ত ঘড়িরা
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ :
প্রকাশকাল : ২৮ এপ্রিল, ২০২৬ ইং
রচনাকাল : ১৫ এপ্রিল, ২০২৬ ইং
প্রশিক্ষণপ্রাপ্ত ঘড়িরা || তাওহীদাহ্ রহমান নূভ
কেমন আছেন?এই প্রশ্নটা আজকাল মানুষ করে না
করে কিছু সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী।
তারা মুখে হাসি রাখে, কিন্তু চোখে থাকে ক্যালকুলেটরের ঠাণ্ডা আলো।
তারা জানিয়েছে; তিনি আরও অনেক সুন্দর করে…
আর সেই খবরটা শোনামাত্রই শহরের সব দেয়াল হঠাৎ ফুলে উঠলো,
রাস্তার মোড়গুলো নিজের নাম ভুলে গেল,
আর আমার ভেতরের একটা পুরোনো সকাল
চায়ের কাপ থেকে উঠে দাঁড়িয়ে বললো!
“তাহলে শুরু হোক!”
সেই থেকে শুরু হয়েছে।
শুরু হয়েছে এমন এক শুরু,
যেখানে প্রতিটি বাক্য প্রশিক্ষণের ভেতর দিয়ে হাঁটে,
প্রতিটি অনুভূতি অনুমোদনের সিল নিয়ে কাঁদে,
আর প্রতিটি ভালোবাসা
কর্মচারীদের রিপোর্টে লেখা থাকে;
“উন্নতির সম্ভাবনা রয়েছে।”
আমি জানি না, কে সেই “তিনি”—
হয়তো তিনি একটা কণ্ঠস্বর,
যাকে ছুঁয়ে দেখলে শব্দগুলো নরম হয়ে যায়,
হয়তো তিনি একটা অনুচ্চারিত নাম,
যার ভেতরে লুকিয়ে আছে হাজারটা নতুন জন্ম।
আর কর্মীরা?
তারা দিনরাত দাঁড়িয়ে থাকে সময়ের গেটের সামনে,
যেন জীবনের প্রবেশপত্র ছাড়া কেউ স্বপ্ন দেখতে না পারে।
তারা বলে, “আরও সুন্দর করে বলুন।”
আর মানুষ নিজের হৃদয়কে মেকআপের আয়নায় বসিয়ে দেয়,
আবেগকে শেখায় কীভাবে হাসতে হয়
যখন ভিতরে ভিতরে সবকিছু পুড়ে যায়।
তবুও;
সেই থেকে শুরু হয়েছে।
আমার বুকের মধ্যে একটা অদ্ভুত ট্রেন চলেছে,
যার টিকিট নেই, স্টেশন নেই,
শুধু গন্তব্যের জায়গায় লেখা!
“আরও অনেক সুন্দর করে।”
আর আমি…
আমি কেমন আছি জানি না,
তবে আমার ভেতরে প্রতিদিন কেউ একজন
প্রশিক্ষণপ্রাপ্তভাবে ঘোষণা করে
“তিনি আরও সুন্দর করে…!”
এবং সেই ঘোষণার শব্দে
আমার ভেতরের সমস্ত ভাঙা ঘড়ি
একসাথে টিকটিক করে ওঠে—
আর জীবন আবার শুরু করে।
আপনার কবিতা পাঠান - kobiyal.com@gmail.com
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন