কবিতা          :         অনন্ত সুন্দর মৃত্যুর পর
কবি              :         শিমুল চৌধুরী ধ্রুব
গ্রন্থ               :         
প্রকাশকাল   :         ৩০ জুলাই ২০২৬ ইং
রচনাকাল     :         ৩০ জুলাই ২০২৬ ইং

বহুল পরিচিত কবি ও সাংবাদিক শিমুল চৌধুরী ধ্রুব “অনন্ত সুন্দর মৃত্যুর পর” শিরোনামের এই কবিতাটি তিনি এবস্ট্রাক্ট ফর্মে লিখেছেন। তিনি এ কবিতাটি ২০২৬ সালের জুলাইয়ে ঢাকার নিকেতনে বসে লিখেছেন।
অনন্ত সুন্দর মৃত্যুর পর || শিমুল চৌধুরী ধ্রুব
অনন্ত সুন্দর মৃত্যুর পর || শিমুল চৌধুরী ধ্রুব


অনন্ত সুন্দর মৃত্যুর পর || শিমুল চৌধুরী ধ্রুব

নিজের ভেতরে আমার এমন এক সন্ন্যাসের ঘর
যেখানে প্রতিটি দেয়ালই ছায়ার দিকে হেলে পড়ে;
ঋতু আসে না, শুধু সময় তার পোড়া চামড়া বদলায়
আর বাতাসে ভেসে বেড়ায় পৃথিবীর বুক থেকে
উঠে আসা কোনো অদৃশ্য জন্মের শব্দ
যেন ধ্বংসও ষোড়শী অন্তঃস্বত্ত্বা
খিচুনি দিয়ে সন্তান প্রসব করে।

তুমি যে বিচ্ছেদ রেখেছিলে
তার কোনো পূর্বস্মৃতি ছিল না; 
ছিল লতার ভেতর আটকে থাকা হরিণের শিং
ছিল এমন এক বিষাদ, যা ধীরে ধীরে
আমার ভাষার অস্থি খেয়ে ফেলেছিল।
বুঝলাম, মৃত্যু আসলে শরীরের নয়, শব্দের;
একটি নাম যখন নিজের প্রতিধ্বনিকে
আর চিনতে পারে না,
তখনই মানুষের প্রথম দাহ শুরু হয়।

সেই ছাই থেকেই নতুন অক্ষর লিখছি
শোকের ভাঙা ইট দিয়ে গড়ে তুলছি
এমন এক আনন্দ, যার কোনো উৎসব নেই
শুধু বেঁচে থাকার নিঃশব্দ অভ্যাস আছে।

এখন আবার জল, জমিন আর হলুদ ধানের
পাশে ফিরে যেতে চাই; নামতাগোনা সংসার নয়,
বরং এমন এক বাতাসের কাছে,
যেখানে ভালোবাসা ও বিষাদ
একই পাখির দুই ডানা হয়ে উড়ে যায়।

মনে হয়, সবচেয়ে গভীর ক্ষতই সবচেয়ে
আশ্চর্য আদরের অন্য নাম; আর প্রতিটি জন্ম
আসলে, কোনো এক পুরোনো
বিচ্ছেদের ধ্বংসস্তূপ থেকেই শুরু হয়।

৩০ জুলাই, ২০২৬
নিকেতন, ঢাকা

আপনার পছন্দের কবিতা নাম কমেন্টে জানান 


 Follow Now Our Google News



লেখক সংক্ষেপ:
কবি শিমুল চৌধুরী ধ্রুব তার প্রকাশিত কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ পাণ্ডুলিপিতে' নিজের পরিচিতি সম্পর্কে লিখেছেন ❝নাম, ধাম, বয়স, জন্ম, সময়-বিবিধের বেড়াজালে আমি কোনোদিন হারাতে চাইনি এবং ভবিষ্যতেও চাইনা। বইয়ের শেষ পৃষ্টা উল্টিয়ে কবি'র পরিচয় পাওয়া কি আদৌ সম্ভব! কবি যুবক নাকি বৃদ্ধ, ধনী নাকি দরিদ্র, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিনা, এসব আমার কাছে বরাবরই অপ্রাসঙ্গিক। কবির পরিচয় নিহিত থাকে মূলত তার সন্তানসম কবিতায়। আমার পরিচয়ের কথা যদি বলতেই হয়, সেক্ষেত্রে আমি অতি সাধারণ এবং নগন্য এক মানুষ। এর বাইরে দেবার মতো পরিচয় আমার নেই।

কবিয়াল
 
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন