কবিতা : আমি এবং আদিম কৃতদাস
কবি : তাওহীদাহ্ রহমান নূভ
গ্রন্থ :
প্রকাশকাল : ২৯ এপ্রিল, ২০২৬ ইং
রচনাকাল : ১৮ এপ্রিল, ২০২৬ ইং
কবি তাওহীদাহ্ রহমান নূভ’র লেখা ‘আমি এবং আদিম কৃতদাস’ শিরোনামের কবিতাটি তার ফেসবুক পোস্ট থেকে নেয়া হয়েছে। কবির অনুমতি সাপেক্ষে এই কবিতাটি কবিয়াল পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
![]() |
| আমি এবং আদিম কৃতদাস || তাওহীদাহ্ রহমান নূভ |
আমি এবং আদিম কৃতদাস || তাওহীদাহ্ রহমান নূভ
বুকের ওপর ফুটে ওঠা দুটো টনটনে চোখ দিয়ে দেখছি — তোমার মুন্ডানো মাথা থেকে বের হচ্ছে কী এক চেতনার লবণাক্ত রস! সেই রস গড়িয়ে পড়ে কপালের ভাঁজে, ভ্রুর নিচে জমে থাকা বছরের পর বছরের নীরব অপেক্ষার মতো — যেন কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি, তুমি কেমন আছ।
আমি দেখি। দেখতে থাকি।
কত কত যত্নের পর আরো অনেকগুলো আদরে মাটি নরম হয় — তা কেবল কুমোরপাড়ার সেই মাসীমা জানে, যার গতর পুড়ে রোজ রোজ তৈরি হচ্ছে ফ্যানা ভাতের পাতিল। তার হাতের তালুতে যে রেখা, সেটা ভাগ্যরেখা নয় — সেটা মাটির দাগ, আগুনের দাগ, ভোরের অন্ধকারে উঠে পড়ার দাগ। কেউ সেই দাগ পড়তে জানে না, কেউ শেখেনি।
তবু সে মাটি মাখে। তবু সে পোড়ায়।
তোমার মাথার ওই চেতনার রস আর মাসীমার পোড়া গতর — দুটো আলাদা নদী, কিন্তু মেলে একই সমুদ্রে। যেখানে কেউ কাঁদে না, শুধু লবণ জমে। যেখানে কেউ চিৎকার করে না, শুধু পাতিল ভরে ওঠে।
আর আমি — বুকের ওই দুটো জ্বলন্ত চোখ নিয়ে — দেখতেই থাকি।
আপনার কবিতা পাঠান - kobiyal.com@gmail.com
Follow Now Our Google News
তাওহীদাহ্ রহমান নূভ’র কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস
লেখক সংক্ষেপ:
তাওহীদাহ্ রহমান নূভ। জন্ম ৪ মার্চ ১৯৯৯। শব্দের ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার এক নীরব যাত্রার নাম এই তরুণ কবি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সাহিত্য ও সমাজচিন্তার এই দ্বৈত পথচলা তাঁর ভাবনায় তৈরি করেছে আলাদা এক দৃষ্টিভঙ্গি।
লেখালেখি ও বইপড়া তাঁর কাছে শুধু অভ্যাস নয়, এক ধরনের আত্মরক্ষা। একা ঘুরে বেড়াতে ভালোবাসেন; নিঃসঙ্গতার ভেতরেই তিনি খুঁজে পান ভাষার অন্তরঙ্গতা। একসময় অভিনয়ের ইচ্ছে ছিল, কিন্তু জীবনের ভিন্ন মোড় তাকে নিয়ে এসেছে শব্দের মঞ্চে।
অন্যের অহেতুক আলোচনা তাঁর অপছন্দ। হয়তো সেই কারণেই তাঁর লেখায় অপ্রয়োজনীয় কোলাহল নেই; আছে সংযত অনুভব, ব্যক্তিগত স্বর, আর নীরব অথচ দৃঢ় অবস্থান।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন