উপন্যাস : শরম
লেখিকা : তসলিমা নাসরিন
গ্রন্থ : শরম
প্রকাশকাল :
জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিনের বহুল আলোচিত উপন্যাস 'লজ্জা'। ১৯৯৩ সালে এটি বাংলাদেশে প্রথম প্রকাশিত হয়। প্রকাশের প্রথম ছয় মাসেই বইটি পঞ্চাশ হাজারেরও বেশি বৈধ কপি বিক্রি হয়। এরপর ধর্মীয় মৌলিবাদিদের একতরফা বিতর্কের মুখে উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করে তৎকালিন বাংলাদেশ সরকার। পরবর্তীতে 'লজ্জা' উপন্যাসটি বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে প্রকাশিত হয়। উপন্যাসটি লেখার কারণে দেশ ছাড়তে হয়েছিল লেখিকা তসলিমা নাসরিনকে।পরবর্তীতে 'লজ্জা' উপন্যাসের নায়কের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে দেখা হয়েছিলো লেখিকা তসলিমা নাসরিনের। সেই অনুভূতিকে পুজি করে তিনি লিখলেন নতুন উপন্যাস 'শরম'। এ উপন্যাসটি কবিয়াল পাঠকদের জন্য ধারাবাহিকভাবে তুলে ধরা হলো।
![]() |
| শরম || তসলিমা নাসরিন |
২৫ তম পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন
শরম || তসলিমা নাসরিন (পর্ব - ২৬)
রিষপ থেকে ঘুরে আসার পর যে স্বপ্ন সে দেখতে শুরু করেছিল সুরঞ্জনকে নিয়ে, তা জুলেখার মনে হয়েছে ঠিক নয়। কার সঙ্গে সে সম্পর্ক স্থাপন করবে? যে কিনা তার ভীষণ রকম ক্রাইসিসের সময় সঙ্গে থাকলো না! এ কেমন প্রেমিক সুরঞ্জন যখন নিজ মুখে জুলেখা বললো যে মামার বাড়িতে তার থাকা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে, ও বাড়ি থেকে তো কালই বেরোতে হবে। যদি তার পার্কের বেঞ্চে কাটাতে হয়, গাছের তলায় কাটাতে হয়, তাও তাকে কাটাতে হবে, এ ছাড়া উপায় নেই। শুনে সুরঞ্জন নির্লিপ্ত। জুলেখা হাঁ হয়ে তাকিয়ে রইলো তার দিকে।
- কী ব্যাপার, কিছু বলবে না?
- কী বলবো বলো।
- কিছু বলার নেই সুরঞ্জন?
সুরঞ্জন চুপ করে থাকে। খুব স্বাভাবিক তার মুখ-চোখ। জুলেখা বোঝে না কী করে প্রেমিক হয়েও এত নির্লিপ্ত থাকতে পারে সুরঞ্জন। সুরঞ্জনের নীরবতা জুলেখাকে তপ্ত করতে থাকে। এক সময় সে বলে, তোমার বাড়িতে? তোমার বাড়িতে আমি থাকতে পারি না?
সুরঞ্জন চুপ করে থাকে। অনেকক্ষণ সেই চুপ থাকা মুখের দিকে তাকিয়ে অপমানে-লজ্জায় জুলেখার চোখে জল আসতে থাকে। জল আসুক সে চায় না, কিন্তু আসে। চায়ের দোকানে তর্ক করা যায় আর কতক্ষণ? চোখের জলও আর ঢাকা যায় কতক্ষণ? জুলেখা ওঠে। সুরঞ্জন শুধু বলে যে, সেদিন বিকেলেই জুলেখার জন্য একটা থাকার জায়গা খুঁজে বের করে সে ফোনে জানাবে। জুলেখা দুদিন অপেক্ষা করেছে। কোনও ফোন আসেনি। জুলেখার কোনও ফোন সুরঞ্জন ধরেনি। শুধু তিনটে এসএমএস পেয়েছে সে। তিনটিতেই লেখা— আই লাভ ইউ। এই আই লাভ ইউ জুলেখাকে সুখ দিতে চেয়েও দিতে পারেনি। কী করে মানবে সে সুরঞ্জন তাকে ভালোবাসে, যখন তার দুঃখের দিনে সে অমন পালিয়ে বেড়িয়েছে। বলে দিলে কী ক্ষতি ছিল যে, জুলেখা আমি তোমাকে কোনও রকম সহযোগিতা করতে পারবো না, বা এ ধরনের কিছু। সুরঞ্জনের হৃদয় বলে একেবারেই কিছু নেই তাও জুলেখা মানতে পারে না। যেভাবে ওই গণধর্ষণের পর সুরঞ্জন পাশে এসে দাঁড়িয়েছিল, হৃদয় না থাকলে কেউ পারে? জুলেখা আবার ভাবে, হয়তো সে সময় হৃদয়ের খুব একটা প্রয়োজন ছিল না। পাপবোধ-অপরাধবোধ থেকে সে পাশে এসেছিল। অবশ্য হৃদয় না থাকলে তো অপরাধবোধও থাকে না। কত হৃদয়হীন মানুষকে হত্যা করছে, মানুষের অনিষ্ট করে বেড়াচ্ছে, কোনও অপরাধবোধ তো তাদের মধ্যে নেই। অপরাধবোধ থাকা আর ভালোবাসা থাকা, জুলেখা বিশ্বাস করে যে দু জিনিস। হৃদয় থাকলে দুটোই থাকে। কিন্তু অপরাধবোধ থাকলে প্রায়শ্চিত্ত করে মুক্ত হয়ে যায়, ভালোবাসা থাকলে ভালোবেসেই মুক্তি। কই! সুরঞ্জনের ভালোবাসা তো জুলেখা টের পায় না। 'আই লাভ ইউ' ওই তিনটে শব্দের মধ্যে ভালোবাসার চেয়ে প্রায়শ্চিত্তের গন্ধ পায় জুলেখা।
নিজে সে যত দুর্ভোগ আছে, একা একা সব পোহানোর পর, চার-পাঁচটা হোস্টেল দেখে একটিতে উঠে যাওয়ার পর, ফোনে সুখবরটা দেবে যে ভয় নেই, তার আর দরকার হবে না জুলেখার বিপদে পাশে দাঁড়ানোর, বিপদ সে কাটিয়ে উঠেছে। গলা শুনেই সুরঞ্জন খুশি খুশি ব্যস্ত স্বরে বললো, উৎসব হচ্ছে বাড়িতে, জন্মদিনের উৎসব।
কোথায়? জুলেখা জিজ্ঞেস করে।
সুরঞ্জন বলে, বেগবাগানে।
— কার বাড়িতে?
— ও, তুমি তো জানো না, বাড়ি পাল্টেছি আমরা। এখন বেগবাগানে থাকি।
— ও। তা তো জানতাম না।
— হ্যাঁ, তোমাকে জানানো হয়নি।
— তা কেমন আছো?
— ভালো?
— হ্যাঁ, খুব ভালো। ফোনটা রেখে দেওয়ার ইচ্ছে সুরঞ্জনের, ইচ্ছেটা কন্ঠে উঠে আসে।
— ও বাই দ্য ওয়ে, এক রিয়েল জেন্টলম্যানের সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব।
— কী বলছো?
— শোভন। ইউ মাস্ট মিট শোভন।
জুলেখা বলে, আজেবাজে কথা বলছো। তুমি খুব ব্যস্ত বুঝি?
— হ্যাঁ, খুব।
— ঠিক আছে আনন্দ করো। আমি রাখছি।
জুলেখা রেখে দেয় ফোন। চায় না সে তার পরও তাকে দেখতে হয় চোখের জল। চোখ জ্বালা করে, বুক জ্বালা করে জল নামে। বারবার মুছে ফেলে জল। চায় অন্য কিছুতে মন দিতে। কোনও একটা ম্যাগাজিন টেনে নিয়ে পড়তে থাকে। কিছুই পড়া হয় না। চোখ ফেটে আবারও জল। এবার স্নান করে নেয়। অনেকক্ষণ ধরে স্নান।
স্বপ্ন কী প্রচন্ড ছিল তার! পাহাড় থেকে এক পাহাড় স্বপ্ন নিয়ে এসেছিল। আর এসেই কিনা শীতল সুরঞ্জনকে দেখতে হলো। তার দুঃসময়ে একবার পাশে এসে দাঁড়ালো না। কোনও প্রেমিক, পৃথিবীর কোনও বাজে প্রেমিকও কি এই আচরণ করবে? শহরে নিজের একটা বাড়ি আছে থাকার। সেই বিছানায়, যে বিছানায় তাকে নিয়ে কতবার শুয়েছে তার প্রেমিক, সেই ঘরে সেই বিছানায় সে যদি পায় বাকি জীবনের জন্য, তবে অন্তত কিছুদিনে জন্যেও কি সুরঞ্জন তাকে জায়গায় দিতে পারতো না?
ভীষণ দুঃসময়ে প্রেমিকের কথা তো বাদই, বন্ধুর মতো কোনও কাজ সে কি করেছে? কী করে জুলেখা ভাববে এর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাবার! মহব্বত তাকে ভালোবাসতো না, মহব্বতের অশ্লীল ব্যবহার, অকথ্য গালিগালাজ, অমানুষিক মারের চেয়ে সুরঞ্জনের ঠান্ডা শীতল ব্যবহার জুলেখার কাছে অনেক বেশি অপমানজনক। সুরঞ্জনের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক। মহব্বতের সঙ্গে তা ছিল না। ভালোবাসার মানুষ যখন পাশে দাঁড়ায় না, ডাকলেও যদি তাকে না পাওয়া যায়, অভিমান করলেও যদি সে অভিমান ভাঙায়, তাকে অকূলে ভাসিয়ে যে নির্বিকার বসে থাকতে পারে, তার সঙ্গে কী প্রেমের খেলা খেলবে সে!
প্রতিদিন সকাল-দুপুর-বিকেল-রাত সে ভেবেছে, সুরঞ্জন ফোন করবে, খবর নেবে কী হলো না-হলো, প্রতিদিন সকাল-দুপুর-বিকেল-রাত ভেবেছে সুরঞ্জন হয়তো কোথাও কোনও কাজে ভীষণ ব্যস্ত, কিন্তু মুক্ত হয়ে সে ছুটে আসবে। শুধু আশায় বসতি।
জুলেখা স্নান করতে করতে চোখের জল মুছে ভাবতে থাকে সম্পূর্ণ নতুন জীবন তাকে শুরু করতে হবে। হাজারার মোড়ে বিকেলে, মেয়েদের হোস্টেলে একটি জায়গা পাওয়া যেন বেহেস্ত পাওয়া। এর চেয়ে কাঙ্ক্ষিত তার আর ছিল কী! ল্যান্সডাউনে গিরিবালা হোস্টেল ছিল, ওটায় জায়গা নেই। অগত্যা বিকেবিতেই। দুজনের জন্য ঘর। সঙ্গে মুর্শিদাবাদ থেকে আসা একটা মুসলমান মেয়ে। চাকরি করছে ব্যাংকে। কলকাতায় থাকার জায়গা নেই, আত্মীয় নেই, অগত্যা হোস্টেল। মেয়েটার সঙ্গে সামান্য কিছু কথা হয়েছে। অবিবাহিত মেয়ে। নাম ময়ূর। নামটা শুনে মন ভালো হয়ে গেছে এবং মেয়েটার ওপর সদায়ও হয়েছে সে। একবার জিজ্ঞেস করেছিল জুলেখাকে, সে বিবাহিত কিনা। বলে দিয়েছে, না। ইচ্ছেও করেনি ছেলেটির কথা বলতে। ছেলে তার, এতদিন তাই মনে হতো। এখন জুলেখা বোঝে ছেলে আসলে তার নয়, ছেলে মহব্বতের। জন্ম দিয়েছে সে। এইটুকুই। জন্মের পর যত্ন করেছে, পায়খানা-পেশাব পরিষ্কার করেছে। কাঁথা-কাপড় ধুয়েছে। বুকের দুধ খাইয়েছে। হাঁটাচলা শিখিয়েছে, স্নান করিয়েছে, মুখে তুলে খাইয়েছে। সম্পূর্ণ বাবার মতো মন নিয়ে বড় হচ্ছে ছেলে। দেখতেও মহব্বতের মতো। মাকে ধীরে ধীরে ভুলে যেতে তার আপত্তি নেই। এক মা'র পরিবর্তে আরেক মা পেয়েছে। মায়ের অভাবও আর সে বোধ করছে না। আগের মা'টা হয়তো সে ভাবছে, বেশি ভালো ছিল। কিন্তু এই মা'র সঙ্গে মানিয়ে নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ, এই বয়সেই তা সে বুঝে নিয়েছে। জুলেখার এখন নাড়ির টান থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এই মুহূর্তে সম্পূর্ণ আত্মীয়স্বজনহীন, সম্পূর্ণই বন্ধুহীন সে। কেউ নেই তার, নিজেরই ধর্মকে নিজের প্রেমিক করতে বাধ্য হয়েছিল এমনই অসহায় সে। ওই উদারতা দেখিয়েও তার কোনও লাভ হয়নি, প্রেমিক যাকে ভেবেছিল, সে আসলে প্রেমিক ছিল না।
সে জানে তাকে এভাবেই নিজের চেনা গণ্ডি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একা আরও একা হয়ে যেতে হবে। যদি সেই নতুন জগতে কোনও নতুন বন্ধু আসে, আসবে। তা না হলে যেমন জীবন, তেমনই থাকবে। এই জীবনে দুর্যোগ আছে বলে আত্মহত্যা করতে হবে, মরতে হবে, কেঁদে ভাসাতে হবে তার কোনও মানে নেই। মন্দ লোকেরা মন্দ কাজ করবে, ঠগ বদমাশরা লোক ঠকাবে, জালিয়াতি করবে, মিথ্যে বলবে, তাই বলে তার জীবন নষ্ট করবে কেন সে? জুলেখা আবারও ভালো করে চোখ মোছে। এ কদিনে শরীরের মেদ তার অনেক ঝরেছে, আয়নার সামনে দাঁড়িয়ে মুখে নিভিয়া ক্রিম মাখতে মাখতে সে লক্ষ্য করে। মুখটা এখন আগের চেয়ে ভালো দেখাচ্ছে। বিকেবির হাওয়া আরও মেদ ঝরাবে। মাসে বারো শ টাকায় থাকা-খাওয়া জুটবে এই মহিলা নিবাসে। মামার বাড়ির চেয়ে ঢের ঢের ভালো। মামার বাড়িতে ছিল দোজখের পরিবেশ। ওরা আত্মীয় ছিল কি? ছিল রক্তচোষা জোঁক। ছেলেকে দেখার সুবিধেই ছিল বলে মামার বাড়ির মেয়ে কামড়ে পড়ে ছিল। কিন্তু বাড়িটাও যখন আরও বেশি কামড়াতে লাগলো, ছেলেরও বাঁধন ছিঁড়ে যাওয়া মন, তখনই তার এমন বেরিয়ে পড়া। নিজের একার পায়ে দাঁড়ানো। খোঁজখবর কেউ করেনি। জুলেখা মনে করে না পৃথিবীতে তার মতো স্বজনহীন আর কেউ আছে। কেউ তো কারও খোঁজ কখনও না কখনও করে। জুলেখা মরে গেছে, যারা তাকে চিনতো, হয়তো মনে করে। এ জীবনটা এখন শুধু তার। জীবনটা এমন কিছু জীবন নয়। একে আর সে বোঝা ভাবতে চায় না। মুখে নিভিয়া ঘষতে ঘষতে সে বারবার দ্যাখে নিজেকে। খুঁতে ভর্তি শরীর। যেখানে দাগ থাকা উচিত নয়, সেখানে দাগ। যেখানে তিল থাকলে ভালো হতো, সেখানে নেই। চোখ বড় কিন্তু পাঁপড়িগুলো বড় নয়। নাকটা আরও একটু খাড়া হলে ভালো হতো। চুল ঘন, কিন্তু রেশমি নয়। ঠোঁটটা সুন্দর। এই ঠোঁটে চুমু খেয়েছে কত শতবার সুরঞ্জন! শীর্ণ বাহু হলে নাকি বেশ লাগে। জুলেখার বাহুতেই মেদ জমে। খুঁতভর্তি শরীরটাকেই আজ তার ভালো লাগে। খুঁত থাকে মনে, শরীরে না। এই কথাটা আজ তার মনে হয়। কোনটা খুঁত, কোনটা নয়, তা কে বলে দেবে। আয়নার সামনে সে, ময়ূর বললো,
— আপনি খুব সুন্দর।
— আমি?
— হ্যাঁ, আপনি।
— আচ্ছা তোমার নাম ময়ূর কেন?
— আমার বুবু রেখেছিল নাম। বুবু একবার আজমীর গিয়েছিল, ওখান থেকে জয়পুরে ময়ূর দেখে পাগল বুবু। আমি তখন জন্মেছি। নাম রাখলো তাই ময়ূর। কেন, নামটা ভালো না?
— খুব সুন্দর। আমি এত সুন্দর নাম কোনও দিন শুনিনি।
জুলেখা অনুমান করে ময়ূরের সঙ্গে তার সহবাস অসহনীয় হবে না। হোস্টেল জীবন তো কেউ চায় না। সবারই স্বপ্ন থাকে স্বজনবেষ্টিত জীবনের। জুলেখার কাছে এই হোস্টেল জীবনটাই প্রার্থিত এখন। সুরঞ্জনের মতো ভীরু দ্বিধাগ্রস্তের সঙ্গে জীবন জড়িয়ে কোনও লাভ নেই। এমন কনফিউজড ক্যারেক্টার নিয়ে জীবন যাপন করা কোনও সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়।
চাকরি একটা বোরিং চাকরি। দাঁড়িয়ে থাকো। কাস্টোমার এলে সুন্দর করে হেসে কথা বলো। প্রয়োজনে ইংরেজি বলো। হিন্দি বলো। তিনটে ভাষা জানে বলে সহজে জুলেখার চাকরিটা হয়েছে। বেতন পাঁচ হাজার। টাকা তো জীবনে সে কখনও রোজগার করেনি এর আগে। এই প্রথম তার নিজের রোজগার। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়া। নিজের পায়ে দাঁড়ানো। কারও মার না খাওয়া। কারও গালি না শোনা। কারও অবজ্ঞা আর অপমান না সওয়া। কারও ভিিক্ষেয় বাঁচা নেই। কারও করুণায় জীবন কাটানো নেই। এই জীবনটা যদি দ্য বেস্ট জীবন না হয়, তবে কোনটা। চাকরিটা বোকা, কিন্তু বিবাহিত জীবনটা কি খুব ঝলমলে ছিল? ওখানেও তো বোকা জব করতে হতো, ঘর পরিষ্কার করো, খাওয়া তৈরি করো, পরিবেশন করো— ওসবের বিনিময়ে কোনও অর্থ তো জুটতো না। পেটে-ভাতে চাকরানি রাখে লোকে, ঠিক ও রকম, বেতনহীন চাকরানির কাজ ছিল মহব্বতের বাড়িতে। সুরঞ্জন স্বপ্ন দেখিয়েছিল। ওসব অলীক স্বপ্ন। সত্যিকার ভালোবাসা পাবার কপাল নিয়ে জুলেখা জন্মায়নি। এই সত্যটি মানতে খুব কষ্ট হয়, কিন্তু মানতেই হবে, এ ছাড়া আর কোনও উপায় নেই। এ নিজের পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার মতো, এটাকে মেনে নিতে হবে, হা-হুতাশ করলে হা-হুতাশই করা হবে, উচ্চতা বাড়বে না। পৃথিবীর কত কত মেয়ে কোনও প্রেমই পায়নি, বরং জীবনভর নির্যাতন সয়ে গেছে। আজ, জুলেখা তার জীবনের ওই সব দুর্ঘটনার কাছে কৃতজ্ঞতাবোধ করে। তাকে ধরে নিয়ে যাওয়া, একের পর এক তাকে ধর্ষণ করা, বোদ স্বামীর বাড়িতে সুরঞ্জনের সঙ্গে যৌথ সম্পর্ক, স্বামীর কাছে ধরা পড়া, স্বামীর মার, দ্বিতীয় বিয়ে, দেশের বাড়িতে বাবার ঘৃণা পাওয়া, আত্মীয়দের নিন্দা। রবিউল আর সুলতানার অবজ্ঞা, মামার বাড়ির অত্যাচার সবই তার জীবনে বয়ে এনেছে বিরাট সম্ভাবনা। জীবন যদি মসৃণ হতো, সে এই জায়গায় দাঁড়াতে পারতো না, যেখানে সে দাঁড়িয়ে আছে আজ। মানুষের ক্রুরতা হিংস্রতা, নিষ্ঠুরতা, স্বার্থপরতা, অন্ধতা, এসব না থাকলে সে আজ এই জগতে এসে দাঁড়াতে পারতো না, যে জগৎটা তার নিজের।
সে তো জানতো দুর্বল, ভঙ্গুর, পরাশ্রয়ী হওয়া ছাড়া তার আর উপায় নেই। তার ভেতরের সাহস আর শক্তিকে সে চিনতে পারতো না, যদি তাকে ঘাড় ধরে না বের করতো স্বামী। সুরঞ্জন যে তাকে শিখিয়েছে ভালোবেসে শরীর স্পর্শ করা, তাকে যে প্রেম দিয়েছে তার জন্য জুলেখা কৃতজ্ঞ নয়, কৃতজ্ঞ তাকে যে ধর্ষণ করার উদ্দেশ্যে কিডন্যাপ করেছিল তার জন্য। ওই দুর্ঘটনাটি তার জীবনকে পুরো পাল্টে দিয়েছে। দুর্ঘটনা এবং সুরঞ্জনের কাছে সারা জীবন এই একটি কারণে সে কৃতজ্ঞ থাকবে। চাকরি থেকে হোস্টেলে ফিরে মেয়েদের সঙ্গে পরিচিত হওয়া, হোস্টেলের পুরোনো বাসিন্দাদের কাছে আরও বেশি এই জীবনের কথা জানা, টেলিভিশন দেখা, ঘুমানো, এ রকমই তার জীবন। হাত নিশপিশ করে সুরঞ্জনকে ফোন করার জন্য, কিন্তু বিচ্ছিরি একাকীত্বকে কাটানোর জন্য সে মন দেয় অন্য কোথাও। হাতটাকে, হাতের আঙুলগুলোকে নিয়ন্ত্রণ করে।
সুরঞ্জনের ফোন আসে একদিন।
— চলে এসো সন্ধ্যেবেলা।
— কোথায়?
— কলা মন্দিরের সামনে এসো সাড়ে ছটায়। সেখান থেকে দুজন কোথাও যাবো।
— কোথায়?
— কোথাও।
— কোথাও মানে?
— কেন, তুমি চাও না?
— চাওয়ার কোনও কারণ আছে?
— এসোই না। আজ নতুন কিছু ঘটবে।
— কী নতুন?
— দেখবে। এখনই বলবো না। সারপ্রাইজ।
এই সারপ্রাইজটি জুলেখাকে হৃদকম্প দিতে থাকে। সারা দিন কাজে মন বসে না। ক্যাশে বসে তাকে মেশিনের বোতাম টিপতে হচ্ছে। মন অন্য কোথাও। বারবার ভুল করছে হাতের আঙুল, ভুল করছে চোখ। কী সারপ্রাইজ সে দিতে পারে? বলবে যে বিয়ে করবো চলো, বলবে যে এখন থেকে একসাথে থাকবো? বলবে চলো এত দিন তোমাকে ছেড়ে থাকায় হাড়ে হাড়ে বুঝেছি তোমাকে কী ভীষণ ভালোবাসি! তোমাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় ভালো থাকা। আর কী বলতে পারে? বলতে পারে, চলো বাড়ি চলো, মায়ার যে সমস্যা ছিল জুলেখাকে মেনে নেওয়ার, সেটি থেকে সে এখন মুক্ত, নাকি সুরঞ্জন কোনও মোটা মাইনের চাকরি পেয়েছে। কুড়ি হাজার টাকা মাইনে। নাকি তুমি তো রিশপ নিয়ে গেলে, চলো তোমাকে শিমলা নিয়ে যাই। বা দুজন চলো মন্দারমনি তে দুদিন থেকে আসি, বা আন্দামানে। কিছু একটা। সারপ্রাইজ আর কী হতে পারে সুরঞ্জনের?
ঘণ্টা দুই পর আবার ফোন।
— শোনো জিমিস কিচেনে চলে এসো, কলা মন্দিরের কাছেই।
— আচ্ছা।
— ছটার দিকে আবার একটা ফোন, শোনো মার্কো পোলো চায়নায়। পার্ক স্ট্রিটে।
জুলেখা যায় ওই মার্কো পোলোয়। না খুব সাজেনি। পরেছে সাদা ব্লাউজ আর সাধারণ সুতির একটা নীল শাড়ি। মুখ যেমন আছে, নিভিয়া ক্রিমের ওপর আর কিছু বসেনি। ঠোঁটে হালকা লিপস্টিক। যার সঙ্গে প্রতিদিন তার দেখা হতো, তার সঙ্গে প্রায় দু সপ্তাহ কোনও দেখা নেই। জুলেখার হু হু করা অন্তর সুরঞ্জনকে দেখে যতটা শান্ত হয়, তার চেয়ে বেশি অশান্ত হয়। কী যে ভালো লাগছে তাকে দেখতে! তারও পরনে নীল শার্ট। চুল অল্প এলো। এতে আরও ভালো লাগছে। গালের তিলটি ঠিক ও রকমই। কতবার সে চুমু খেয়েছে তিলটায়। ইচ্ছে করে ছুঁয়ে দেখে। চোখ দুটো হাসে সুরঞ্জনের তাকে দেখে, ঠোঁট হাসে। অপলক সেই চাহনি। কিন্তু কিছুক্ষণ। দ্রুত সে চোখ সরিয়ে নেয়। একটু দূরেই বসে জুলেখা। মুখোমুখি।
— বাহ্। সুরঞ্জনের উচ্চারণ।
— বাহ্ কেন?
— ভালো লাগছে।
— কী?
— তোমাকে।
সুরঞ্জনের পার্থক্যটা অন্য ছেলেদের চেয়ে এই এখানেই। অন্যরা বলবে, শাড়িটা সুন্দর তো। সুরঞ্জন বলবে তোমাকে সুন্দর লাগছে এই শাড়িতে।
জুলেখা বলে
— তোমাকেও ভালো লাগছে দেখতে।
— হুম।
— মানে?
— খুব স্মার্ট হয়েছো।
— ছিলাম না?
— এতটা ছিলে না।
— তাহলে তো ভালোই। উন্নতি হচ্ছে, অবনতি নয়।
— তা তো নয়ই। তোমার সেলফ এস্টিমটা বরাবরই বেশি। আমার মতো নয়।
— তা হঠাৎ আমাকে স্মরণ করার কারণ কী? যাকে ভুলে গেছো, তাকে ভুলে গেছো। ডাকলে যে! সারপ্রাইজ কী দেবে শুনি?
— দেখবে।
— দেখবো? নাকি বলবে কিছু?
— দেখবে।
— দেখাও।
— দাঁড়াও। অপেক্ষা করো।
এভাবেই আরও কিছুক্ষণ কথা চলতে থাকে। সুরঞ্জন হুইস্কির অর্ডার দেয়। জুলেখা ব্লাডি মেরি। পাহাড়ে সুরঞ্জনের কাছে ব্লাডি মেরিতে হাতেখড়ি জুলেখার। দুজনের গ্লাস সামান্যই শেষ হয়েছে, তখনই সোবহানের আগমন।
— এ হলো আমার বন্ধু, শোভন ওরফে সোবহান। মোহাম্মদ সোবহান।
জুলেখা একবার তাকিয়ে চোখ নামিয়ে গ্লাসে চুমুক দেয়।
সোবহান বসে সুরঞ্জনের পাশের চেয়ারে। নিজের জন্য সে একটা স্প্রাইটের অর্ডার দেয়।
— ওর কথাই তোমাকে বলেছিলাম, জুলেখার কথা। খুব ভালো মেয়ে। জিরো থেকে উঠে এসেছে। এখন একটা চাকরি করে। এমন মেন্টাল স্ট্রেংথ, ভাবাই যায় না। অমার পক্ষে তো এমন হওয়া সম্ভবই না। আর সোবহান তো বিশাল জিনিস। আমার আইডল বলা চলে। মনবলের পাহাড়। ওয়েল এস্টাব্লিসড। তোমাদের দুজনের স্বভাব-চরিত্রে এত মিল। অ্যামবিশাস। ক্যারিয়ারিস্ট। ভাবলাম পরিচয় করিয়ে দিই।
এরপর সুরঞ্জনের সঙ্গে কথা কিছু বলে জুলেখা, বেশি বলে সোবহানের সঙ্গে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কী চাকরি, কী ব্যবসা। ফিডার রোডে নিজের ফ্ল্যাট, নাকি ভাড়া। নিজের শুনে চমকিত হয়।
সুরঞ্জন বলে, ভেবো না। ওর গাড়িও আছে। গাড়ি চালিয়ে তো এল আজ। পার্কিং পেলে কোথাও?
সোবহান ঘাড় নাড়ে। ওরও কি জুলেখার প্রতি আকর্ষণ? ঠিক বোঝা যায় না। সে শুধু প্রশ্নের উত্তর দিয়ে যায়। নিজে কোনও প্রশ্ন করে না। সুরঞ্জনের কাছে যেটুকু শুনেছে, সেটুকুকেই সে যথেষ্ট মনে করছে।
জুলেখা কথায় কথায় বলে, আমি খুব ছোট চাকরি করি। আমার তো চাকরিবাকরি করার কোনও কথা ছিল না। কথা ছিল স্বামী-সন্তানের সেবা করবো। হঠাৎ একটা দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে গেল। দুঃসময়ে যারা সঙ্গে থাকে, তারাই সত্য়িকার বন্ধু। আমার বন্ধু বলতে সত্য়ি বলতে কী, কেউ নেই। যা ছিল, তা সুরঞ্জনই। তিন কূলে যার কেউ নেই, আমার মতো জীবন তাদের। তবে যা আছে সামনে তা দেখতে চাই। জীবন আমাকে যেটুকু দেয়, যাই দেয়, সব গ্রহণ করতে চাই। আপনি?
সোবহান দেখতে সুরঞ্জনের চেয়ে অনেক ভালো। আধুনিক। বুদ্ধিমান। ধোপদুরস্ত। কী করে এর ঠিক উল্টো চরিত্রের ছেলে সুরঞ্জনের সঙ্গে বন্ধুত্ব হলো, তা বোঝা দুষ্কর। জুলেখা জানে, দেখতে ভালো ছেলের আসলে কোনও মূল্য নেই। মন কেমন, সেটাই বড় কথা। কথা বলতে সে ব্লাডি মেরি দুটো শেষ করে এবং বোঝে যে সোবহানের সঙ্গ তার ভালো লাগছে, সততা আর সত্য়তা দুটো জিনিস জুড়ে দিয়ে বানানো হয়েছে সোবহানকে। আপাতত তাই মনে হয়। আসলে কী, তা কি আর কম করে হলেও বছর না গেলে বোঝা যাবে? কিন্তু সোবহান যত মহানই হোক না কেন, জুলেখার তাতে কী! এইটুকু হলো, যে জানা হলো সুরঞ্জনের একজন ভালো বন্ধু আছে। এর অর্থও এই নয় যে সুরঞ্জন একটু জাতে উঠলো, বন্ধুভাগ্য় ভালো হলেও কারও মর্যাদা বেড়ে যায় না। মর্যাদা বাড়ে সে যদি মর্যাদা বাড়ানোর মতো কাজ করে। জুলেখার আবার চোখ জ্বালা করতে চায়, কিন্তু স্মৃতিকে সে ব্লাডি মেরি দিয়ে তাড়ায়।
- আপনি খুব কম কথা বলেন।
সোবহান হাসে। বলে - প্রথম দিনের পরিচয়ে খুব বেশি কিছু বলার তো কারও থাকে না।
- প্রেম করে বিয়ে করেছেন?
এই প্রশ্নে একটু ধতমত খায় সে। সময় নেয় উত্তর দিতে।
- থাক, উত্তর দিতে হবে না। প্রেম এই শব্দটা মনে হয় আপনার কাছে একটু অস্বস্তিকর।
- আপনার কাছে অস্বস্তিকর নয়?
- মোটেই না। প্রেম একবারই এসেছিল আমার জীবনে। আর আসবে কিনা, জানি না। কারও কারও জীবনে একবারই আসে।
- কেন? হৃদয় দুয়ার কি বন্ধ করে রেখেছেন নাকি?
- বন্ধ ছিল না। বন্ধ করার কথা ভাবছি। আপনার কী? বন্ধ?
এবারও ঠোঁট টিপে লাজুক হাসি হাসে সোবহান। কোনও মেয়ের সঙ্গে এভাবে কথা বলতে সে অভ্যস্ত নয়। সুরঞ্জনের সঙ্গে হলে হয়তো কথা হতে পারতো।
- আপনি সিনেমায় দেখা ভালো মানুষদের মতো।
- কথা কম বলি বলে লোকে আমাকে ভালো মানুষ বলে।
- আসলে কি ভালো নন?
- আপনার টাকা আছে, কিন্তু অহংকার নেই, এই কারণেও হয়তো ভালো বলে।
- আপনার সঙ্গে সুরঞ্জনের খুব মেলে?
- কী রকম? আমি তো জানি ওর সঙ্গে আমার খুব কম মেলে। কী মেলে? দুজনই মদ খাই? আমার অবশ্য জীবনে এ দ্বিতীয়বার খাওয়া...
- না, তা নয়।
- তবে?
- আপনারা দুজনই আমাকে খুব কম জেনে খুব প্রশংসা করছেন।
জুলেখা আর সোবহানের কথাগুলো খুব মন দিয়ে সুরঞ্জন শুনছিল এবং উপভোগ করছিল সে যে টেবিলে আছে, তা জুলেখা কি ইচ্ছে করে ভুলতে চাইছে নাকি মুহূর্তেই সোবহানের প্রেমে পড়ে গেছে, ঠিক বুঝতে পারছে না।
আলাপে রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি, জাত-পাত-ধর্ম কিছুই আসেনি। যা এলো প্রথম থেকে শেষ অবধি প্রেম-আবেগ-ভালোবাসা সম্পর্ক বিচ্ছেদ। সুরঞ্জনের এই-ই ভালো লাগে, অন্য কোনও প্রসঙ্গ বিশেষ করে রাজনীতি আর অর্থনীতি হলে তো তার মেজাজ তিরিক্ষি হয়ে যায়, উঠে চলে যায় অন্য কোথাও। সে বলে দেয় এসব কঠিন জিনিস আমি বুঝি না। তাহলে কী ভালো লাগে, খেলার কথা বলো। আর কিসের কথা, ইতিহাস ভূগোল? ইতিহাস মোটেই না, ভূগোল বরং বলতে পারো। সংসার? ধুত। বইপত্র? বোরিং। গান, বাজনা? হ্যাঁ, সেটা চলে। নাটক? দীর্ঘশ্বাস ফেলে সুরঞ্জন বলে, না। কেন? কী কেন? এত অনীহা কেন? ভালো লাগে না। কী ভালো লাগে? শুয়ে থাকতে, ভাবতে, কিছু না করতে, ঘুমোতে। প্রেম? ও আমার জন্য নয়। বাচ্চাদের পড়াতে ভালো লাগে? লাগে। নিজের সম্পর্কে কী ভাবো? কিছুই না। সবচেয়ে বেশি কী ভালো লাগে? তামাশা। কারও সঙ্গে? নিজের সঙ্গে, অন্যের সঙ্গে। মনে মনে নিজের প্রশ্নের উত্তর নিজেই দেয় সুরঞ্জন।
কিছুটা বুদ্ধিসম্পন্ন, কিছুটা অসংলগ্ন, কিছু অর্থবহ, কিছু অনর্থক কথোপকথন চলে আর রাত বাড়তে থাকে। সোবহান বিল মেটালো। সুরঞ্জন অনেকটাই মাতাল। জুলেখার কিছুই হয়নি। সোবহান ভালো ছেলে। ধবধবে সাদা শার্টেও একবিন্দু দাগ নেই। সুন্দর আঁচড়ানো চুল। দাড়ি-গোঁফ নেই। মুখে দাগ-গর্ত নেই। সাদা দাঁত। বাঁধানো নেই, হলদেটে নেই। ছ ফুট লম্বা। লিকলিকে নয়। ভারীও নয় শরীর। সুরঞ্জনের চেয়ে বয়স বছর কয়েকের ছোট। এমন যুবক তো প্রার্থনীয়, বিশেষ করে জুলেখার। সোবহান গাড়িতে করে পৌঁছে দিয়ে যায় বেকবাগানে সুরঞ্জনকে, জুলেখাকে হাজারায়।
রাতে সুরঞ্জনের ফোন জুলেখাকে। তখন সে কাপড় পাল্টে মুখ-হাত ধুয়ে দাঁত মেজে রাতের পোশাক পরে সবে শুয়েছে।
সুরঞ্জন ওদিক থেকে বললো
- কেমন লাগলো?
- ভালো।
- দারুণ না?
- হ্যাঁ, দারুণ।
- বলেছিলাম তোমাকে।
- আসলে অনেক দিন ভালো খাবারদাবার খাওয়া হয় না তো। মামার বাড়ির অখাদ্য আর হোস্টেলের অবাধ্য গেলার পর এ রকম খাবার... দারুণ।
- ধুত। আমি বলছি সোবহানকে লাগলো কেমন?
- ও সোবহান। ভালোই তো।
- খুব হ্যান্ডসাম না?
- হ্যাঁ।
জুলেখা এবার বলে, যে কথাটি রেস্টুরেন্ট থেকেই সে ভাবছিলো বলবে, - আচ্ছা তুমি আমাকে একটা সারপ্রাইজ দেবে বলে যেতে বলেছিলে। দিলে না কেন?
- সারপ্রাইজ। তো দিয়েছিই।
জুলেখা অবাক, - কখন দিলে? মদ খেয়ে খেয়ে তুমি শেষ হয়ে যাচ্ছো। কিছু আর মনে থাকে না।
- আমার সারপ্রাইজ তো সোবহান। মোহাম্মদ সোবহান। সুরঞ্জন রহস্য ভাঙা কণ্ঠে বলে।
- ও সারপ্রাইজ হবে কেন, ও তো তোমার বন্ধু।
- তোমার সঙ্গে দেখা করালাম।
- ভালো করালে। তোমার রেপিস্ট বন্ধুদের সঙ্গে তো প্রথমদিন দেখা করিয়েছিলে। রেপিস্ট ছাড়া আর কেউ যে আছে তা তো জানতাম না। আর এ যে রেপিস্ট নয়, তাই বা কী করে জানবো?
- বাজে কথা বলো না। আমি তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি প্রথম দিনের জন্য। ওই দিনটির কথা তুমি প্লিজ আর বোলো না।
- তাহলে বলে দাও কী কী কথা বলবো। কী কথা তোমার শুনতে ভালো লাগে বলো।
- সোবহানকে কেমন লাগলো বলো।
- সোবহানকে আমার লাগা দিয়ে তুমি কী করবে শুনি?
- নিজে কম্পিউটার ইঞ্জিনিয়ার। চাকরি করছে না। ব্যবসা করছে। ও বোধহয় সল্ট লেকে নিজেই একটা কোম্পানি শুরু করবে।
- খুব ভালো। দ্যাখো ওখানে একটা চাকরি তুমি পেতে পারো কিনা। নিশ্চয়ই তুমি চাইলে দেবে। উদার বলেই তো মনে হলো। বিলটা নিজেই দিল।
- হ্যাঁ, খুব উদার।
- ভালো বন্ধু তুমি জানো না সুরঞ্জন, কখন দরকার লেগে যায়। আমরা তো আত্মীয় আত্মীয় করে মরি। দেখা যায় কোনও একটা বন্ধুই হয়তো সারা জীবনের সহায় হলো। এই যেমন মামার বাড়ি থেকে যেদিন আমার বেরিয়ে যেতে হয়েছিল, তুমি হেল্প করবে বলে ব্যাস উবে গেলে। আমাকে কয়েক দিন থাকতে দিয়েছিল আমারই এক চেনা মেয়ে, তার বাড়িতে। মেয়েটা চেনা মাত্র, বন্ধু হয়নি তখনও। আমার কলিগ। ওইটুকু অল্প পরিচয়ে ওই উপকারটুকু করে ফেললো। বন্ধুর কাজটা করতে তুমি পারোনি। সুতরাং দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেই যে সে তোমার সত্যিকার বন্ধু, তা নাও হতে পারে। দুদিনেই কেউ সত্যিকার বন্ধু হয়ে উঠতে পারে। বলতে বলতে জুলেখা চোখ মোছে, কিন্তু গলাটা যথাসম্ভব শুকনো করে রাখছে। ভেজা কণ্ঠ সে আর যাকেই শোনাক, সুরঞ্জনকে শোনাবে না।
- সোবহানের সঙ্গে দ্যাখো...
- কী দেখবো?
- দেখ যদি একটা সম্পর্ক করতে পারো,...
- মানে?
- মানে বলছি কী, একটা সম্পর্ক আমার চাইতে ওর সঙ্গে হওয়াই ভালো না কি?
- কী বলছো কী তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
- না, মাথা ঠান্ডা রেখে বলছি।
- আজ তোমার মাথার ঠিক নেই। কাল কথা বলো। আজ রেখে দিই।
সুরঞ্জন না না করে ওঠে। বলে, - তোমার সঙ্গে সোবহানের একটা সম্পর্ক হোক।
- কেন চাও?
- চাই কারণ তোমার যোগ্য লোক আমি নই, যোগ্য সোবহান।
- কিসের যোগ্য? কী সম্পর্ক চাও? সম্পর্ক তো কত রকম হয়। ভাই হয়, বন্ধু হয়। তোমার চাওয়াটা শুনি।
- ওকে তোমার প্রেমিক করে নাও। ওকে বিয়ে করো।
- বিয়ে?
- হ্যাঁ, বিয়ে।
- তুমি আর আমি বিয়ে করবো, এ রকমই না কথা হচ্ছিল।
- না। সেটা ঠিক হবে না।
- সুরঞ্জন, তুমি প্রেমিক না হতে পারো, না হও। কিন্তু ঘটক হওয়ার দায়িত্ব তো তোমাকে আমি দিইনি।
- দাওনি। আমি নিজে নিয়েছি। তোমাকে ভালোবাসি বলেই তোমাকে এই উপদেশ দিচ্ছি। আমি একটা লম্পট, লম্পট, লম্পট, লোফার, আমি একটা রেপিস্ট, জীবন নিয়ে আমার হতাশা ছাড়া আর কিছু নেই। তোমার সঙ্গে যেটা হচ্ছিল, সেটা ক্ষণিকের। কিছুক্ষণ পরই আবার যেই সেই। আমি একটা বাজে। একটা হিন্দু।
- মানে?
- হিন্দু-মুসলমান— এসব তুমি কবে থেকে দেখা শুরু করলে? সোবহানকে নিয়ে এলে সে মুসলমান বলে?
জুলেখার বিস্ময় কাটতে চায় না।
- ওর সঙ্গে তোমার মিলবে?
- কী করে বুঝলে? মুসলমান বলে?
- হ্যাঁ।
- ছিঃ সুরঞ্জন। এ রকম যদি হতো, যে আমি ধর্ম বিশ্বাস করতাম। মুসলমানদের নিয়ে আমার কোনও আবেগ থাকতো, তুমি বলতে পারতে। তোমার আলসেমি, মদ খাওয়া, অসৎ সঙ্গ, তোমার উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতা, আপাদমস্তক তুমি তো একটা ইরেসপনসিবল ছেলে, তোমার ক্যালাসনেস এসবের অনেক সমালোচনা-নিন্দা আমি করেছি। কিন্তু তোমার ধর্ম নিয়ে আমি কোনও দিন তো কিছু বলিনি।
- আমার ধর্ম আমার ধর্ম বলো না। আমার কোনও ধর্ম নেই।
- ধর্ম না থাকলে আজকে তুমি সোবহানের কাছে আমাকে সম্প্রদান করতে চাইছো যে, সোবহান মুসলমান বলে।
- তুমি সুখী হবে ওর সঙ্গে।
- কী করে হবে ওর সঙ্গে? কী করে জানো?
- আমি জানি। আমি আরও জানি আর যার সঙ্গেই হও, আমার সঙ্গে তুমি সুখী হবে না।
- তুমি কি জ্যোতিষী নাকি? জ্যোতিষ বিদ্যাতেও বোধহয় হাত পাকিয়েছো, কে জানে। আর শোনো, আমার বিয়ে নিয়ে তোমার এত মাথাব্যথা কেন? আমি কি বলেছি এক্ষুণি আমাকে বিয়ে করতে হবে?
- তোমার দরকার।
- সে আমি বুঝবো। তোমার সঙ্গে সম্পর্কটা তুমি বাদ দিচ্ছ। বাদ দিচ্ছ কি?
- হ্যাঁ।
- আচ্ছা, কষ্টের মধ্যেও হাসে জুলেখা, সোবহান তো ম্যারেড, ওর বাচ্চাও আছে। তা কি ভুলে গেছ?
- তাতে কী?
- তাতে কী মানে? কী বলছো কী?
- তোমাদের মধ্যে তো এক পুরুষের একাধিক ওয়াইফ থাকতে পারে।
- কী বললে তুমি? আমাদের মধ্যে? আমাদের মধ্যে মানে কী? মুসলমানদের মধ্যে?
- তা কি আর জানো না?
- ছিঃ ছিঃ এতটা নিচে নেমেছো?
জুলেখা একটু থামে। ঠোঁট দুটো চেপে রাখে কিছুক্ষণ। তার কণ্ঠ ভাঙলে চলবে না। তার মনে রাখতে হবে, তার সঙ্গে সে কথা বলছে এখন, যে তাকে কোনও দিন ভালোবাসেনি। ঠকিয়ে গেছে। প্রথম দিন থেকে। এ রকম ভাবলেই কণ্ঠ থেকে কষ্ট দূর হবে। কিছুক্ষণ সে তাই ভেবে নিয়ে ঠোঁট বিযুক্ত করে।
— আমার মনে হয় সুরঞ্জন, (ধীরে ধীরে বলতে থাকে জুলেখা) আমার লাইফ নিয়ে আমার হেডেক থাকলে বেটার হয়। তোমাকে আমি দায়মুক্ত করছি। সেই যে রেপ করিয়েছিলে লোক দিয়ে, সেটার প্রায়শ্চিত্ত, আজ থেকে তোমার শেষ হলো। তোমার ভগবান তোমাকে শাস্তি দেবেন না। দায়মুক্ত তুমি, পাপমুক্ত। সো, গো অন। ভালো দেখে একটা হিন্দু মেয়ে দেখে যা করার করো। নেড়ে মেয়ে আরেকটা নেড়ে ছেলে খুঁজে নেবে। তোমার অস্থির হওয়ার কিছু নেই।
জুলেখা চোখ মুছতে থাকে বাঁ হাতে। জল নামছে চোখে।
— এ রকমভাবে কথা বলো না জুলেখা। ইচ্ছে হচ্ছে তোমার কাছে চলে যাই এখন। তুমি কি কাঁদছো?
- না না। কাঁদবো কেন? আশ্চর্য তো! কাঁদবো কেন? কান্দার কী ঘটেছে? হিন্দু মুসলমানের বিয়ে হলে পুরো সমাজ কচুকাটা করে। ফ্যামিলি যায়। কাজের জায়গায় অসুবিধে হয়। চাকরি যায়। জীবন ধ্বংস হয়ে যায়। লোকে ছিঃ ছিঃ করে। অত ছিঃ ছিঃর মধ্যে বাস করবে কী করে কে! তুমি তো বন্ধুর মতো উপদেশ দিচ্ছ। কান্দার তো কারণ নেই। তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। অনেক ধন্যবাদ। এবার রাখি ফোনটা। কাল সকালে উঠতে হবে।
জুলেখা ফোন কেটে দিয়ে ঘুমাতে চেষ্টা করে। সারা রাত তার ঘুম আসে না। উঠে সে মোবাইলে পাঠানো পুরোনো এসএমএসগুলো পড়ে। ওই দিনগুলো চোখের সামনে, আবার যোজন যোজন দূরে। তাহলে এ কথাই সত্যি যে, একটা ভুল মানুষকে সে এত দিন ভালবেসেছিল। ধর্ষক জেনেও, হিন্দু জেনেও। আত্মীয়স্বজন কোনও দিন তার মুখ দেখবে না, জেনেও। মহব্বত এত দিনে জুলেখা-গল্প ছড়িয়ে দিয়েছে জুলেখার যত চেনা জানা পরিচিত আত্মীয়স্বজন গ্রামে-শহরে যা ছিল, সবার কাছে। সে ব্রাত্য। অনেকটা বেশ্যা হয়ে যাওয়ার মতো। তাকে কেউ কোনও দিন খুঁজবে না। সোনাগাছিতে বিক্রি হওয়া মেয়েদের যেমন কেউ খুঁজবে না। সুরঞ্জনের পাঠানো এসএমএসগুলো, ওর কাছে তার পাঠানোও সে ইরেজ করে ফেলে। জীবন থেকে ইরেজ হয়ে গেল অনেক দিনের সম্পর্ক। এক বোতাম টিপেই। ভোর হবে। নতুন জীবনের নতুন একটি দিন শুরু করবে সে। সেখানে বন্ধু বলে, প্রেমিক বলে, আপন বলে কেউ নেই তার। কোনও রাগ বা অভিমানও নেই তার। সে একা। একটা বৃক্ষের মতো একা। নাকি একটা চারাগাছের মতো একা। জুলেখা কোনও ঝড়েই আর ভাঙতে চায় না।
পরদিন সকালে হু হু করা জীবনের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত সে নেয়, সে পড়াশোনা করবে, সেও প্রাইভেটে এম এ পরীক্ষা দেবে, অথবা যোগমায়া দেবী কলেজে রাতের ক্লাসে পড়বে, বিএড-এর ক্লাস। ঠিক ময়ূর যেমন করছে। জুলেখা বহুদিন পর নিজের দিকে ভালো করে তাকালো। তাকিয়ে একটি জিনিস সে টের পায় যে, নিজের জীবনটার দিকে তাকালে, নিজের কথা একটু ভাবলে পুরুষ লোকের ভাবনা থেকে মন মুক্তি পায়।
চলবে.......
২৭ তম পর্ব পড়তে এখানে ক্লিক/ট্যাপ করুন
লেখক সংক্ষেপ:
জনপ্রিয় প্রথাবিরোধী লেখিকা তসলিমা নাসরিন ১৯৬২ সালের ২৫ আগষ্ট ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে ময়মনসিংহ রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৭৮ সালে আনন্দ মোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস পাস করেন। তসলিমা নাসরিন ১৯৯৪ সাল অবদি চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেলে কর্মরত ছিলেন।হাসপাতাল কর্তৃপক্ষ তাকে লেখালেখি নয়তো চাকুরি ছাড়তে বললে তিনি লেখালেখি ছাড়েন নি। বরং সরকারি চিকিৎসকের চাকুরিটিই ছেড়ে দেন তিনি। তখন এই লেখিকাকে কেন্দ্র করে উগ্র মৌলবাদীদের আন্দোলনে উত্তাল ছিলো পুরো দেশ। বেশ কিছু মামলাও হয়েছিলো তার বিরুদ্ধে। শেষে এককথায় বাধ্য হয়েই দেশত্যাগ করেন নারীমুক্তির অন্যতম অগ্রপথিক তসলিমা নাসরিন। এরপর তিনি নির্বাসিত অবস্থায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন।
কবিয়াল
কবিয়াল’এ প্রকাশিত প্রতিটি লেখা ও লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত কবিয়াল’র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় কবিয়াল কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। কবিয়াল’এ প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন